স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেয়া রায় কার্যকর করা হবে। আপিলের সুযোগ থাকলে তা আইন-আদালতই নির্ধারণ করবে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে গণঅভ্যুত্থান নিয়ে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী কোনো দল বা সংগঠনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার করা সম্ভব। শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে, তাই তার সরকারের কর্মকাণ্ডের দায় সংগঠন হিসেবে আওয়ামী লীগকেও বহন করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহত্যায় জড়িত ছিলেন এবং দলটি এ ঘটনায় এখনো কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি। বরং, জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, জুলাই কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সম্পদ নয়, এটি সমগ্র জনগণের সংগ্রামের প্রতীক। এই চেতনাকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার বানানো উচিত নয়। জুলাইয়ের শক্তিকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার আর ফ্যাসিবাদী আচরণ করার সাহস না পায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। পাশাপাশি এতে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এদিন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।