ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিত হয়েছে— দাবি ট্রাম্পের

0
64

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা আমলে নিয়ে ইরান বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা আপাতত বন্ধ রেখেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।” তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ওই বার্তায় তিনি অভিযোগ করেন, বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে এবং “এসব হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত” তিনি ইরানি কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের “সহযোগিতা আসছে” বলে মন্তব্য করেন এবং “ইরানকে আবার মহান করে তুলুন” শিরোনামে একটি স্লোগানও ব্যবহার করেন।

পরবর্তীতে মঙ্গলবারই মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিক্ষোভে কতজন নিহত হয়েছেন সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে এখনও “নির্ভরযোগ্য” নির্দিষ্ট তথ্য নেই, তবে নিহতের সংখ্যা যে বেশি— সে বিষয়ে তিনি অবগত।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের পেছনে বড় কারণ দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, মুদ্রার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতি। ইরানি মুদ্রা রিয়েলের দরপতনের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়। পরিস্থিতির মধ্যে ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা মূল্যস্ফীতি ও ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকলে সেখান থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভ দমনে ইরান ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক সীমিত/বন্ধ করা, অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সেনাবাহিনী নামানোর মতো পদক্ষেপ নিয়েছে। হতাহতের বিষয়ে বিভিন্ন দাবি থাকলেও সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে বুধবার ইরানের কিছু কর্মকর্তা গ্রেপ্তার বিক্ষোভকারীদের বিচার দ্রুত শেষ করে দণ্ড কার্যকরের কথা বলেছিলেন— এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড বন্ধ হওয়ার দাবি করেন।

সূত্র: এএফপি