রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডের আবেদন করেন।
অপরদিকে আসামিদের পক্ষের আইনজীবী রিমান্ডের বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হক জামিনের আবেদন নাকচ করে আসামি মেহেদী ও হৃদয়ের দুই দিন এবং রিপনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ১৩ মে রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।


