নয়াপল্টনে ১৭ বছর পর তারেক রহমান: দেশ গড়তে সবাইকে ঐক্যের আহ্বান

0
72

দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে জনগণের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “যার যেটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”

বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় জমে ওঠে এবং নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

দীর্ঘদিন পর তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে আগমনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।