পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে: নেতানিয়াহু

0
7
পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত অভিযান চলবে: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ অর্জনের অভিযান এখনো শেষ হয়নি। তার ভাষায়, মধ্যপ্রাচ্যের বাস্তবতায় নিরাপদ থাকতে হলে ইসরায়েলকে সব সময় শক্তিশালী থাকতে হবে এবং সেই লক্ষ্যেই অভিযান চলবে।

মঙ্গলবার (৩০ জুন) হিব্রু ভাষার টেলিভিশন চ্যানেল চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এটি কখনো শেষ হয় না। আপনি যদি মধ্যপ্রাচ্যে বা বিশ্বের অন্য কোথাও বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে খুব শক্তিশালী হতে হবে। আমরা খুবই শক্তিশালী। ইসরায়েল এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী, আমরা আমাদের বিরুদ্ধে থাকা হুমকিগুলো অনেকটাই পিছিয়ে দিয়েছি এবং শত্রুদের উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছি। তবে এখনো কিছু কাজ বাকি রয়েছে। ইরানি অক্ষের যা অবশিষ্ট আছে, তারও ব্যবস্থা করা হবে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, গত তিন বছরে ইসরায়েল হামাস, হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ পর্যায়ের বহু নেতাকে হত্যা করেছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা বাফার জোন গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।

তবে তিনি পরোক্ষভাবে স্বীকার করেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে শুরুতে ঘোষিত সব লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। বিশেষ করে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং দেশটিতে শাসন পরিবর্তনের পরিবেশ তৈরির মতো উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন সম্পূর্ণ সম্ভব হয়নি।

নেতানিয়াহু এর আগেও বলেছেন, বহু শত্রু পরিবেষ্টিত অঞ্চলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদে সামরিক শক্তির ওপর নির্ভর করেই টিকে থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here