শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে আবারও আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সরকার যেকোনো সময়, আপনাদের সুবিধামতো আলোচনায় বসতে প্রস্তুত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তিনি জানান, গতকাল বিকেল থেকে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কাছে চারটি আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে।
জিতেন্দ্র সিং বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে সঙ্গে নিয়ে তিনি আলোচনায় অংশ নেবেন।
তিনি বলেন, আলোচনা জেপি নাড্ডার দপ্তর বা বাসভবনে হতে পারে। আমরা কোনো মর্যাদার প্রশ্ন করছি না। ধাপে ধাপে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সবাইকে আলোচনায় আসার আহ্বান জানাচ্ছি।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন।
তবে বিক্ষোভকারীদের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) সরকারের প্রস্তাবিত স্থানে আলোচনায় যেতে রাজি হয়নি।
দলের মুখপাত্র সৌরভ দাস বলেন, তারা কোনো মন্ত্রীর বাসভবন বা দপ্তরে যাবেন না। তবে নিরাপত্তাজনিত কারণে জন্তর মন্তরে বৈঠক সম্ভব না হলে আন্দোলনস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে তারা প্রস্তুত।
আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নতুন কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এমন নিশ্চয়তা সরকারকে দিতে হবে। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।