১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে ঐতিহাসিক টেস্ট

0
1
১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, লর্ডসে ঐতিহাসিক টেস্ট

প্রায় দেড় দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। ২০১০ সালের পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে বাংলাদেশকে লর্ডসে একটি টেস্টের জন্য আমন্ত্রণ নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী বছর ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশ পুরুষ দল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং শেষ হবে ১ জুন।

বাংলাদেশের জন্য এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। সেই সফরেও লর্ডসে একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা।

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের একমাত্র জয়টি আসে ২০১৬ সালে মিরপুরে। ওই সিরিজে চট্টগ্রাম টেস্ট জিতেছিল ইংল্যান্ড, আর মিরপুরে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে নিয়মিত টেস্ট সিরিজ খেলার অপেক্ষায় ছিল বাংলাদেশ। আগামী মাসে ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার পর এক বছরের ব্যবধানে ইংল্যান্ডের মাটিতেও টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।

একই সময়ে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে। এরপর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৭ সেপ্টেম্বর হোভে, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।

এক নজরে-

২৮ মে–১ জুন : একমাত্র টেস্ট, লর্ডস, লন্ডন

ইংল্যান্ড নারী দল – বাংলাদেশ নারী দল

টি-টোয়েন্টি সিরিজ

৮ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নর্থ্যাম্পটন
১০ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, টনটন
১২ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, উরচেস্টার

ওয়ানডে সিরিজ

১৭ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে, হোভ
২১ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে, ক্যান্টারবুরি
২৪ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে, চেমসফোর্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here