চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী নামে এক যুবদল নেতাকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং বিএনপির সাবেক সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এ সময় একদল সন্ত্রাসী প্রকাশ্যে তাকে লক্ষ্য করে হামলা চালায়। পরে খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের পেছনে দলীয় অভ্যন্তরীণ কোন্দল বা দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।