মালয়েশিয়ায় এক দিনে ৫১ বাংলাদেশি আটক

0
31
মালয়েশিয়ায় এক দিনে ৫১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় পৃথক ইমিগ্রেশন অভিযানে এক দিনে ৫১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির কেদাহ ও কেলানতান এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ১০৪ জন কাগজপত্রহীন অভিবাসীকে আটক করেছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার কেদাহ এলাকায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৮১ জন কাগজপত্রহীন অভিবাসীকে আটক করা হয়। বুধবার (৫ আগস্ট) কুয়ালা কেদাহর একটি নির্মাণ সাইটে ইমিগ্রেশন বিভাগের ‘অপ সাপপু’ অভিযানে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। সুনির্দিষ্ট তথ্য ও সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জন কর্মকর্তার একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতদের মধ্যে ৪২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ১০ জন মিয়ানমারের নাগরিক, একজন পাকিস্তানি এবং দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বৈধ অনুমতিপত্র ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান করছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের একটি ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এদিকে, কেলানতান ইমিগ্রেশন বিভাগ কোতা বারু ও বাচ এলাকায় দুই দিনের অভিযানে আরও ২৩ জন নথিপত্রহীন অভিবাসীকে আটক করেছে।

কেলানতান ইমিগ্রেশন পরিচালক গ্যারি বেলায়ং জন সিকি জানান, সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানে ১৭ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন।

‘ওপ কুতিপ’, ‘ওপ মিনিয়াক’, ‘ওপ মাহিহ’, ‘ওপ সাপপু’ এবং ‘ওপ বেলাঞ্জা’ নামে পরিচালিত এসব অভিযানে নির্মাণাধীন সাইট, কারখানা ও কার ওয়াশসহ আটটি স্থাপনা পরিদর্শন করা হয়।

অভিযানে ইমিগ্রেশন কর্মকর্তারা মালয়েশিয়ার নাগরিকসহ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কম্বোডিয়া, মিয়ানমার ও শ্রীলঙ্কার মোট ১৬৮ জনের নথিপত্র পরীক্ষা করেন।

বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে ২০ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ২৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন বাংলাদেশি, ৬ জন কম্বোডিয়ান, ৫ জন ইন্দোনেশিয়ান, ২ জন পাকিস্তানি এবং একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্ট এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন্স অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here