মেট্রোরেলের নিরাপত্তায় কড়াকড়ি, হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

0
29
মেট্রোরেলের নিরাপত্তায় কড়াকড়ি, হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের নানা পদক্ষেপ

মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড—ডিএমটিসিএল। হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের নির্দেশনায় গঠিত সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় এসব উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের অবকাঠামোগত নিরাপত্তার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮ নম্বর পিয়ারে ১০টি স্টিল ব্র্যাকেট বসানো সম্পন্ন হয়েছে। পাশাপাশি একটি পিয়ারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ হয়েছে এবং মজুদে থাকা আরও পাঁচটি প্যাড দ্রুত পরিবর্তনের কাজ চলছে। বাকি প্যাডগুলো কেনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। কাঠামোগত ওঠানামা ও পরিবর্তন পর্যবেক্ষণে বিভিন্ন পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার ও ক্র্যাক গেজ বসানোর কাজ শুরু হয়েছে।

পিয়ার হেড ও বক্স গার্ডারের ফাটলের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পরামর্শক হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া পুরো কাঠামোর বিভিন্ন পয়েন্টে ১০২টি ক্র্যাক গেজ বসানোর পরিকল্পনা রয়েছে, যার কিছু সরঞ্জাম ইতোমধ্যে হাতে এসেছে।

কারিগরি ত্রুটি মেরামতেও গতি এসেছে। ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে বিদ্যুৎ চলাচলে স্পার্কিংয়ের কারণ চিহ্নিত করে প্রকৌশলীরা নকশা পরিবর্তনের কাজ শুরু করেছেন। সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রকে পানিনিরোধক করার কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো জরুরি পরিস্থিতিতে কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ একটি সেবার সফল মহড়াও সম্পন্ন করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, তাৎক্ষণিক মেরামতের পাশাপাশি মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নেও প্রস্তুতি চলছে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here