মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক ধামাই ছড়ায় খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে ধামাইপার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে সিলেট যাওয়ার পথে ব্রিজে পৌঁছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচের ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও যোগ দেন। রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথ অভিযানে ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়।