পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। দুপুরে বন্ধুর সঙ্গে চা খাওয়ার সময় টয়লেটে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন।
শনিবার এক দম্পতি টয়লেটটি ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে ভেতরে তার মরদেহ পাওয়া যায়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


