সিলেটে সুরমা নদীর পাড় সৌন্দর্যবর্ধন ও বন্যা নিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
18
সিলেটে সুরমা নদীর পাড় সৌন্দর্যবর্ধন ও বন্যা নিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন ও নান্দনিকতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ম্যাপ ও নকশার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত বিষয়বস্তু তার সামনে তুলে ধরেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী প্রকল্পের সফলতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষেই তিনি চাঁদনি ঘাটের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে আসেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে সুরমা নদীর পাড় যেমন দৃষ্টিনন্দন হবে, তেমনি বর্ষা মৌসুমে সিলেট নগরীকে বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here