তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন। এ সমাবেশে আন্তর্জাতিক কয়েকজন বিশিষ্ট ওলামার অংশগ্রহণের কথা রয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) তাবলিগ জামাতের এই অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে জানান, ডিসেম্বরের ৭ তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। আন্তর্জাতিক কয়েকজন ওলামার আগমন উপলক্ষে সেদিন একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আজকের মজমাটা আমরা এক দিনের নোটিশে করেছি। কিন্তু ৭ তারিখের প্রোগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য দেবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি।
তবে, ৭ ডিসেম্বরের প্রোগ্রামে কোন কোন আন্তর্জাতিক মেহমান উপস্থিত থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে মোহাম্মদ সায়েম জানান।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। ৫ নভেম্বর জুবায়েরপন্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছিলেন। এরপর গতকাল (১৫ নভেম্বর) সাদপন্থীরা কাকরাইল মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেছেন।


