ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ঘটনার সময় মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন না।
মণিপুরের জিরিবাম জেলায় মেইতেই জনগোষ্ঠীর ছয়জন নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ উত্তেজনার সূত্রপাত হয়। নিহতদের মধ্যে এক নবজাতক ও দুই নারী রয়েছেন।
অভিযোগ রয়েছে, খ্রিষ্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীরা তাদের অপহরণ করে হত্যা করেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ মেইতেই জনগোষ্ঠী রাস্তায় নেমে আসে এবং সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা।
এ পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্র ও রাজ্য সরকার তৎপর থাকলেও উত্তেজনা কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে শঙ্কা বাড়ছে।


