ঢাকার আশুলিয়া থানার মো. জুয়েল নামের এক তরুণকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফারুক হোসেন ওরফে ফালুকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেফতার মো. ফারুক হোসেন ওরফে ফালু মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মৃত আদম আলীর ছেলে।
এর আগে, আজ দুপুর ১টা ৫০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জসহ আশেপাশের জেলার সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করত সংঘবদ্ধ অপহরণ চক্র। ভিকটিম মো. জুয়েল এর বাবা আব্দুল হাই আশুলিয়া থানার ভাদাইল এলাকায় একজন স্বনামধন্য আবাসন ব্যবসায়ী। তাদের মার্কেটের দোকান চুক্তিভিত্তিক ভাড়া নেওয়া সালামের সঙ্গে দোকান ভাড়ার চুক্তি নবায়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সালাম ও তার সহযোগী ফালু ও রুবেল এই বিরোধের জের ধরে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ভাদাইল এলাকা থেকে সিএনজিতে তুলে জুয়েলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। পরে আব্দুল হাই আশুলিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন, যা তদন্তে সত্য প্রমাণিত হয়। পরবর্তী সময়ে আদালত ২০২৪ সালের ২ নভেম্বর আসামি ফালুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ফালু একজন সংঘবদ্ধ অপহরণ চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন পলাতক থাকা আসামি ফালুকে ধরতে র্যাবের দলটি আধুনিক তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তা নিয়ে অভিযান চালায়। অবশেষে মানিকগঞ্জের পশ্চিম দাশড়া এলাকায় অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেনকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


