বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ ছিল বাংলাদেশের আত্মাকে ধ্বংস করা। তারা ধীরে ধীরে সব মূল্যবোধ নষ্ট করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে যশোর বিডি হলে জেলা বিএনপির আয়োজিত নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের মানুষের কাছে তা অবাধ ও গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করত না। তাদের গণতান্ত্রিক খোলস ছিল ভান মাত্র।
বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ ধ্বংস করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের মানুষ একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সেটিকে ধ্বংস করেছে। ৭১-এর চেতনা ছাড়া বাংলাদেশের কথা ভাবা যায় না।
মির্জা ফখরুল বলেন, ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করলে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু বর্তমান সরকার সাংবিধানিক সরকার। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত নির্বাচন দিতে হবে।
আলোচনা সভার শুরুতে মির্জা ফখরুল ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করেন।


