বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

0
210

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত পারফর্ম করেছেন। টেস্টে অধিনায়ক হিসেবে মাঠে নেমে প্রথম ইনিংসে ১৮ ওভার বল করে মাত্র ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট। তার বিধ্বংসী স্পেলের কারণে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১০৪ রানে।

ভারত যদিও প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান সংগ্রহ করে, তবু বুমরাহর এই পারফরম্যান্স ভারতকে ৪৬ রানের লিড এনে দেয়। তবে তার অসাধারণ বোলিং পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

কিছু অস্ট্রেলিয়ান ভক্ত অভিযোগ তুলেছেন, বুমরাহ চাকিং করছেন। একজন ভক্ত মন্তব্য করেন, “এমন অ্যাকশন নিয়ে বুমরাহ কীভাবে বোলিংয়ের অনুমতি পান?” সঙ্গে তার বোলিং অ্যাকশনের ছবি শেয়ার করেছেন। আরেক ভক্ত টুইট করেছেন, “বুমরাহর বোলিং ধীরে দেখলে বোঝা যায়, তিনি বল ছুড়ে মারছেন।”

এমন মন্তব্যগুলোতে ফক্স স্পোর্টসের কিছু বিশ্লেষণ ঘি ঢেলেছে। তাদের মতে, বুমরাহর অ্যাকশনে সন্দেহ করার জায়গা থাকতে পারে।

বুমরাহর বোলিং অ্যাকশন নিয়ে ২০২২ সালে সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ ইয়ান পন্ট একটি টুইটে ব্যাখ্যা দিয়েছিলেন। তার মতে, বুমরাহর অ্যাকশন একদম বৈধ। কারণ তার হাত বরং অন্য অনেক বোলারের তুলনায় বেশি সোজা থাকে। এটি হাইপারএক্সটেনশন নামে পরিচিত, যেখানে কব্জি ও কনুই ডেলিভারির আগে সোজা থাকে।

ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনুই ডেলিভারির সময় ১৫ ডিগ্রির বেশি বাঁকলে তা চাকিং হিসেবে গণ্য হয়। তবে বুমরাহর ক্ষেত্রে এমন কোনো বিষয় এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here