ব্রাজিল ফুটবলের নেতৃত্বে আসতে প্রস্তুত রোনালদো

0
183

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে ২২ বছর, কিন্তু ফুটবলে আর সে রকম সাফল্যের মুখ দেখেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচগুলোতেও ধারাবাহিক পারফরম্যান্স করতে ব্যর্থ দলটি।

এ অবস্থায় ব্রাজিল ফুটবলের পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো দি নাজারিও। বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়েছেন, তিনি নিজেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত।

নিজ প্রতিষ্ঠিত ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক অনুষ্ঠানে রোনালদো বলেন,“ব্রাজিলের ফুটবলে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার। এর মানে এই নয় যে সবকিছু বদলাতে হবে। তবে গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার কথা বলে আসছি। এই ইচ্ছা এখনো অটুট।”

তিনি আরও বলেন, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি। আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে বড় পরিবর্তন প্রয়োজন।”

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চে হওয়ার কথা। রোনালদোর বক্তব্যে ধারণা করা যাচ্ছে, তিনি এই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন।

বর্তমান সভাপতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীরা। দলের সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে ভেনেজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্রয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, সিবিএফ সভাপতি হলে রোনালদোর প্রথম কাজ হবে দলের কোচ বদলানো। তার পছন্দের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তবে গার্দিওলার সঙ্গে সিটির চুক্তি ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত।

রোনালদো সভাপতি পদে নির্বাচনে দাঁড়ালে প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা বাড়বে বলে মনে করা হচ্ছে। ফুটবলপ্রেমীরা অপেক্ষায় আছেন, তার নেতৃত্বে ব্রাজিল ফুটবল নতুন জাগরণে ফিরতে পারে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here