মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আংগুটিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে খাল পার হয়ে স্কুলে যাতায়াত করছে।
জানা গেছে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এবং ২০১২ সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ৫২ বছরেও একটি সেতু নির্মাণ করা হয়নি। এতে করে প্রায়ই দুর্ভোগে পড়তে হয় এই স্কুলে পড়া শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র অলী হোসেনের মা মারিয়া আক্তার শিউলি জানান, খালের ওপর সেতু না থাকায় শিশুরা স্কুলে যেতে ভয় পায়। বাঁশের সাঁকোটি পাড়ি দেওয়ার সময় প্রায়ই বাচ্চারা পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। দুশ্চিন্তায় সংসারের কাজ ফেলে বাচ্চাকে স্কুলে নিয়ে বসে থাকতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সওকত আলী জানান, শিক্ষার্থী এবং এলাকাবাসী প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বাঁশের তৈরি সাঁকোটি অস্থায়ী হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে ঝুঁকি থাকে। অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই-খাতা এবং স্কুল ড্রেস ভিজিয়ে ফেলে। সেতুর অভাবে বিদ্যালয়ের অন্যান্য উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আমি সদ্য এই উপজেলায় যোগদান করেছি, তাই বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। তবে দ্রুত সময়ের মধ্যে স্কুলটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই খালের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।


