দেশের গণমাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত নাম ডা. সাবরিনা। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আকর্ষণীয় সাজগোজের ছবি-ভিডিও এবং ইন্টারভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ভাইরাল হয়েছে। এবার নতুন পরিচয়ে দেখা যাবে তাকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেছেন “অভিমানে তুমি” শিরোনামের একটি নাটকে।
নাটকটি রচনা করেছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন এস কে শুভ। ডা. সাবরিনা এতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। রাজধানীর উত্তরা এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।
১৫ বছর আগে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত ব্যস্ততার কারণে অভিনয়ে বিরতি নেন। এবার নতুন করে অভিনয়ের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
ডা. সাবরিনা বলেন, আমি যেকোনো কাজ খুব সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও তা হয়েছে। পরিচালক আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছেন, আর আমি সেভাবে শতভাগ চেষ্টা করেছি। দর্শক নাটকটি দেখে মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন, আমার সহশিল্পী ফজলুর রহমান বাবু ভাই অনেক সহযোগিতা করেছেন। অভিনয় একটি চ্যালেঞ্জিং কাজ, তবে এটি বরাবরই আমার পছন্দের একটি জায়গা। তাই দেরি হলেও অভিনয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
নাটকটি শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক এস কে শুভ।


