মানিকগঞ্জে মাদক মামলায় নজরুল ইসলাম ও রবিজুল ইসলাম নামে দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ খাসেরচর গ্রামের মো. নজরুল ইসলাম ও টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সিংদাইর গ্রামের মো. রবিজুল ইসলাম।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এএফএম নূরতাজ আলম বাহার।
তিনি জানান, আসামী নজরুল ও রবিজুল দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে মানিকগঞ্জ পৌরসভার নগর ভবন এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরের দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম মাদক আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে মে মাসের ২৭ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৬ জনের সাক্ষ্য প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামি পক্ষের মামলা করেন আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ ও মো. শফিকুল ইসলাম।


