ঢাকা মহানগরীতে মোটরসাইকেল চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শব্দদূষণ রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর নির্দেশনা জারি করেছে। রবিবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, নগরীতে অনেক চালক অপ্রয়োজনীয়ভাবে উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন, যা পথচারী, যাত্রী, অসুস্থ ব্যক্তি ও অন্য চালকদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে। এ সমস্যা প্রতিরোধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসারে চালকদের হর্ন ব্যবহারে সংযমী হতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজধানীতে প্রায়ই চালকদের হেলমেটবিহীন অবস্থায় একাধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালাতে দেখা যায়। এতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বাড়ছে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার আওতায় চালকসহ মোটরসাইকেলে দুজনের বেশি যাত্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চালক ও যাত্রী উভয়ের হেলমেট পরা বাধ্যতামূলক।
নির্দেশনায় বলা হয়েছে, এই বিধান লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপি ট্রাফিক বিভাগ জনসাধারণের সহযোগিতা কামনা করেছে এবং এই নিয়মগুলো পালনের মাধ্যমে নগরীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ডিএমপির এই উদ্যোগ সড়ক নিরাপত্তা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


