মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আবিাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রুবেল নামের এক যুবক একটি কক্ষ রাতে থাকার জন্য ভাড়া নেয়। ওই যুবকের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়।
রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, গতকাল রবিবার রাত ১টা ৪০ মিনিটের দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে একটি রুম ভাড়া নেয় রুবেল হোসেন। আজ দুপুরে রুম পরিষ্কারের জন্য রুমের দরজা খুললে খাটের উপর ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।


