কক্সবাজারের টেকনাফ নাফ নদীর লেদা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।
সোমবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত কেরেছেন বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
গ্রেফতার মো. রশিদ আহমেদ (৪৫) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, রোববার রাতে নাফ নদীর লেদা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নৌকায় করে আসা তিন ব্যক্তিকে কেওড়া বাগানের মেম্বারের ঘেরে নামতে দেখে বিজিবির সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় দুইজন ব্যক্তি নৌকায় উঠে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে অপর ব্যক্তিকে ধাওয়া দিয়ে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

