মিশরের লোহিত সাগরের উপকূলে পর্যটকবাহী নৌকা ‘সি স্টোরি’ ডুবে ১৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক। নৌকাটিতে মোট ৪৪ জন আরোহী ছিলেন, এর মধ্যে ৩১ জন বিভিন্ন জাতীয়তার পর্যটক এবং ১৩ জন ক্রু সদস্য।
রেড সি গভর্নরেট জানায়, সোমবার মার্সা আলামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত উদ্ধার অভিযানে ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তারা সামান্য আঘাতপ্রাপ্ত হলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি।
রেড সি গভর্নর আমর হানাফি জানিয়েছেন, বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডুবে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু যাত্রী কেবিনে আটকা পড়ে নিখোঁজ হন।
উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে। এই দুর্ঘটনা পর্যটন শিল্পে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


