তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার, আল জাজিরার এক প্রতিবেদনে এরদোগানের এই তাগিদের কথা উঠে আসে।
এরদোগান বলেন, তুরস্ক ইসলামি বিশ্বের পক্ষ থেকে একতাবদ্ধ পদক্ষেপ নিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি জানান, “আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি।” তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বোচ্চ সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি হিসেবেও কাজ করছে।
এছাড়া, রয়টার্স জানায়, তুরস্ক এর আগে হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রক্রিয়া এগিয়ে নিতে সুপারিশ দিয়েছে। এরদোগানের মতে, গাজা ও লেবাননে চলমান সংঘাত ইসলামি দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।
তুরস্ক সরকার গাজার মানবিক সংকট মোকাবিলায় তাদের তৎপরতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এর পাশাপাশি ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এরদোগানের এই আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যের পথে এগিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, ইরনা


