ঢাকার মোহাম্মদপুরের উত্তর সুলতানগঞ্জ এলাকার একটি বাসা থেকে অবৈধ শটগান ও ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার বিকেলে জাফরাবাদ মসজিদ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, অভিযানে আবুল কাশেম খান নামে এক ব্যক্তির বাসা থেকে লাইসেন্সকৃত একটি .১২ বোর শটগান এবং ৬৩ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি শটগানটি নিজের কাছে রাখছিলেন।
সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত শটগান ও কার্তুজের লাইসেন্স এবং ব্যবহারের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ জব্দ করে মোহাম্মদপুর থানায় জমা দেওয়া হয়েছে।

