সাকিবের ক্যারিয়ারে ফুলস্টপ টেনে দিল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার জন্য সাকিব বিসিবির কাছে কিছু শর্ত রেখেছিলেন। বিসিবি সেই শর্ত মানেনি, ফলে সাকিবও খেলতে রাজি হননি।

0
144

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছে। টি-টোয়েন্টি থেকে অবসরের পর দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। তবে নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে বিসিবি সেই ইচ্ছা পূরণ করেনি। এবার ওয়ানডে ফরম্যাটেও সাকিবের অধ্যায়ের অপ্রত্যাশিত সমাপ্তির শঙ্কা দেখা দিয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে দেশের হয়ে খেলার ইচ্ছা বহুবার প্রকাশ করেছিলেন সাকিব। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে সাকিবের না থাকার গুঞ্জন উঠেছে। বিসিবি সূত্রে জানা গেছে, সিরিজের জন্য ইতিমধ্যেই দল চূড়ান্ত করা হয়েছে এবং সেই দলে সাকিবের নাম নেই।

সাকিবকে দলে না রাখার কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার জন্য সাকিব বিসিবির কাছে কিছু শর্ত রেখেছিলেন। বিসিবি সেই শর্ত মানেনি, ফলে সাকিবও খেলতে রাজি হননি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকলে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়েও শঙ্কা তৈরি হবে। সাকিব নিজে চাইলেও তখন হয়তো দেশের জার্সিতে তার ক্যারিয়ারের স্বাভাবিক সমাপ্তি সম্ভব হবে না।

বর্তমানে আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। এরপর আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে দেখা যেতে পারে। তবে বিপিএলে সাকিব খেলবেন কিনা, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদি বিপিএলে অংশ না নেন, তাহলে দেশের মাটিতে সাকিবের খেলা দেখার শেষ সুযোগটাও হাতছাড়া হতে পারে ভক্তদের।

বিসিবি এবং সাকিবের এই টানাপোড়েন কীভাবে সমাধান হবে, তা সময়ই বলে দেবে। তবে ভক্তদের আশা, দেশের ক্রিকেটের স্বার্থেই সাকিবকে তার প্রাপ্য বিদায়ী মঞ্চ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here