জাতীয়তাবাদী মহিলা দলের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজিসহ দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শারমিন আক্তার মুক্তাকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শারমিন আক্তার মুক্তা বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ২০১০ সাল থেকে মহিলা দলের সঙ্গে যুক্ত হয়ে ২০২১ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি এবং দলকে শক্তিশালী করেছি। কিন্তু এ ধরনের অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
তিনি আরও অভিযোগ করেন, ২০২২ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের হামলায় তিনি আহত হন এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়। এই ঘটনার পর থেকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি বা কোনো অভিযোগ জানায়নি।

