দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা আগের চেয়ে ১ হাজার ৪৮১ টাকা কম। নতুন মূল্য আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
রোববার সন্ধ্যায় বাজুস এ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নতুন সোনার দাম: ২২ ক্যারেট: ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা, ২১ ক্যারেট: ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ১২ হাজার ২৮৯ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য থাকতে পারে।
গত ২৭ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়। এবছর মোট ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৪ বার কমেছে।

