জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন

0
154
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনাবাহিনীর সদস্য ওয়াসিম আকরম (২৬) নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এই ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরম চরশেরপুর ইউনিয়নের হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াসিম আকরম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছয় মাস আগে তিনি শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেছিলেন এবং তিন দিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ সকালে তার বাবা হাসান আলীর সাথে ধান কাটতে মাঠে গিয়ে বাড়ি ফেরার পথে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাইয়েরা তাকে পেছন থেকে দা দিয়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত জানিয়েছেন, তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেনা সদস্য হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here