সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি, জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা।
২৪ নভেম্বর যাত্রা শুরুর পর ২৬ নভেম্বর ইসলামাবাদে পৌঁছান তারা। তাদের লক্ষ্য ছিল রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ডি-চকে অবস্থান নেওয়া। তবে সেদিন রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালে আকস্মিকভাবে কর্মসূচি বাতিল করে পিটিআই।
এর পর দলটি জানায়, নতুন এ আন্দোলনে তাদের অন্তত ডজনখানেক কর্মী-সমর্থক নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সরকার দাবি করেছে, ২৪ থেকে ২৬ নভেম্বর পিটিআইয়ের কেউ প্রাণ হারাননি। এমনকি আন্দোলনকারীদের লক্ষ্য করে কোনো গুলি ছোড়া হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রাণ হারানো পিটিআইয়ের এসব কর্মীর মরদেহ দিতে চায়নি পুলিশ। তাদের যেসব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো ১০ থেকে ১২ ঘণ্টা করে আটকে রাখা হয়েছিল।
পিটিআই প্রথমে জানিয়েছিল, এবারের আন্দোলনে তাদের কয়েকশ কর্মী নিহত হয়েছেন। কিন্তু দলটির চেয়ারম্যান গওহর আলি খান পরবর্তী সময় জানান, তাদের ১২ কর্মী প্রাণ হারিয়েছেন।
এ বিষয়টি নিয়েও পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপহাস করেন। এক্সে তিনি লেখেন, এই মরদেহগুলো শুধু টিকটক, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। তারা জাতির সঙ্গে উপহাস আর মিথ্যার রাজনীতি করছে।

