যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের তহবিল দিয়ে সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়েছেন।
গত রবিবার একত্রে তারা হাজির হয়েছিলেন এক আয়োজনে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা ২০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছিলেন। তবে দিন শেষে কাজ হয়নি। নির্বাচনে বিজয়ের দেখা পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির ওই আয়োজনে হ্যারিস বলেন, ‘আমাদের উদ্দীপনা পরাজিত হয়নি। আমরা পরাজিত হইনি।… আমরা শক্তিশালী অবস্থায় রয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা কোনো পরিস্থিতি বা ব্যক্তিকে আমাদের শক্তি নিয়ে যেতে দিতে পারি না। আমরা জানি, আমরা কিসের জন্য দাঁড়িয়েছি এবং কিসের জন্য লড়ছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উল্লেখ করেন, লড়াই চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমার বাবা বলতেন, আপনি যখন অসফল হবেন, তখন আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। কত দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে- তার মধ্য দিয়ে একজন ব্যক্তি বা একটি দলকে পরিমাপ করা যায়।
রয়টার্সের প্রতিবেদন বলছে, হ্যারিসের ভাগ্যে কী আছে, তা এখনো স্পষ্ট নয়। অনেক ডেমোক্র্যাট তাকে ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে লড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে বাইডেন ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন। তবে তিনি রাজনীতিতে সক্রিয় থাকবেন বলেই ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতরে বিভক্তি দূর করতে কাজ করবেন বলেও জানিয়েছেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
রবিবারও তিনি এ বিষয়টিকে তুলে ধরেন। কৌতুকের ছলে বাইডেন বলেন, ‘আপনাদের জন্য দুঃসংবাদ হলো যে আমি কোথাও যাচ্ছি না। আমরা সক্রিয় থাকব।’ সূত্র: রয়টার্স


