বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার ১২ মামলার এজাহারভুক্ত আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই গণহত্যার ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান (শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেনের হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়।
নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে খুনের নির্দেশদাতা বলে উল্লেখ করা হয়েছে।


