ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার লাজিনহা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩৮ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাসটি সাও পাওলো থেকে যাত্রা করেছিল এবং এতে ৪৫ জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের একটি টায়ার বিস্ফোরিত হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। একই সময়ে একটি গাড়িও বাসের সঙ্গে ধাক্কা খায়। তবে গাড়ির তিন যাত্রী বেঁচে যান।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই মহাসড়কটি ২০২৩ সালে ব্রাজিলের সবচেয়ে প্রাণঘাতী সড়ক ছিল, যেখানে ৫৫৯ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

