ইজতেমার মাঠ ছাড়ছেন মুসল্লিরা

0
102
ছবি: সংগৃহীত

বিশ্বের শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে এ মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের।

মোনাজাতে মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, ব্যভিচার, অশান্তি, সহিংসতা ও সংঘাত বন্ধে বিশেষ প্রার্থনা করা হয়।

মোনাজাত শেষেই ঘরমুখো হয়েছেন মুসল্লিরা। ইজতেমার মাঠ থেকে বলা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটিয়ে সবাই নিজ দায়িত্বে গন্তব্যের উদ্দেশে যাত্রা করবেন।

এছাড়া নিরাপত্তাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, মুসল্লিদের পূর্ণ সহযোগিতার মাধ্যমে সবধরনের বিশৃঙ্খলা এড়াতে যেন সতর্ক অবস্থান গ্রহণ করা হয়।

আখেরী মোনাজাত ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন ব্যতীত অন্যসব যান চলাচল বন্ধ ছিল। তবে মোনাজাতে অংশ নেওয়া ও ইজতেমা শেষে বাড়ি ফিরতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে বিভাগ।

বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে গতকাল শনিবার রাত ১২টা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর-নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত সড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

এছাড়া টঙ্গী-কামারপাড়া রোড, টঙ্গী থেকে কালীগঞ্জ সড়কেও যান চলাচল বন্ধ ছিল।

প্রসঙ্গত, প্রথম পর্বের ইজতেমায় ৫জন মুসল্লির মৃত্যু হয়েছে। সবশেষ গতকাল সন্ধ্যায় মারা যাওয়া মুসল্লি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তার নাম আব্দুল গফুর (৭৫)।

উল্লেখ্য, এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। কাল (সোমবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here