তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন: ভোগান্তিতে দুই ট্রেনের যাত্রী

0
144
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছে রেলের অন্তত ১৫০০ অধিক যাত্রী। এছাড়া মহাখালী-এয়ারপোর্ট, মহাখালী-গুলিস্থান ও মহাখালী শাহবাগ রুটে যানজটে পড়েছে কয়েকহাজার যানবাহন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর আগে বেলা ২ টার দিকে সড়ক পথ অবরোধ করে শিক্ষার্থীরা

ঢাকা রেলওয়ের স্টেশনের তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনে তেজগাঁও আউটার পয়েন্টে একটি ইন্টার সিটি ট্রেন আটকা পড়েছে। এছাড়া তেজ গও স্টেশনের সামনে উপকূল এক্সপ্রেস ট্রেন আটকে রয়েছে। এতে দুই ট্রেনে থাকা প্রায় ১৫০০ অধিক যাত্রী ভোগান্তিতে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত বার্তা২৪.কমের প্রতিবেদক কথা বলেছে বেশ কিছু যাত্রীর সাথে। প্রতিবেদকের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরের মধ্যে কম দূরত্বে যাবেন এমন যাত্রীদের অনেকে ইন্টারসিটি ট্রেন থেকে নেমে গেলেও ভোগান্তিতে পড়েছেন উপকূল এক্সপ্রেসের যাত্রীরা। একযোগে সড়ক ও রেলপথ অবরোধ থাকায় ভিন্ন যাতায়াত ব্যবস্থাও হারিয়েছেন তারা। এতে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে আটকে পড়া যাত্রীদের অনেককেই।

এদিকে ঢাকা রেল স্টেশন থেকে এখনো দিনের ১৮টি আন্তঃনগর ট্রেন ছাড়ার শিডিউল রয়েছে। এসব ট্রেনের মধ্যে ১৭টি ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

ঢাকা রেলস্টেশনে দেওয়া তথ্য মতে শিডিউলে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে— সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬), চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস (৭০২), তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫), চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫), দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩), কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর গোধূলি (৭৪৯), খুলনাগামী চিত্রা এক্সপ্রেস (৭৬৪), পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭), কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস (৭৯৭), চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস (৭২২) ,লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস (৭৫১), সিলেটগামী উপবন এক্সপ্রেস (৭৪০), মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস (৭৭৭), কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস (৮১৪), রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস (৭৫৯), চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস (৭৪২) এবং পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। এছাড়া বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাবে বলে ট্রেনটি বিলম্ব নাও হতে পারে।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here