নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১০ জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আসামিরা হলেন সাইদুল ইসলাম, আসাদুজ্জামান সোহেল মীরা, রাজিব উদ্দিন শিবলী, কাজী কৌশিক আহম্মেদ, রুবেল হোসেন, মেহেরাজ উদ্দিন, মো. বাপ্পী সরকার, মো. রিপন, শান্ত ও আবুল বাশার। এদিন তাদের আদালতে হাজির করা হয়।
এরপর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুদ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে কলাবাগান থানাধীন এলাকায় আসামিরা সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানার ব্যবহার করে জনসমক্ষে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এবং ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে।
আসামিরা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন। এ ছাড়া তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়।

