‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের সূচনা করেন।
এর আগে সকালে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় একযোগে এই কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ব্লকের ১ হাজার ৩৬ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। উদ্বোধনী দিনে ১১৫ জন কৃষক-কৃষাণীর হাতে স্মার্ট কৃষক কার্ড এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকিসহ যাবতীয় কৃষি সেবা অতি সহজে এবং দ্রুততার সাথে লাভ করবেন। আধুনিক কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে উপদেষ্টাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ স্থানীয় কৃষি স্টলগুলো পরিদর্শন করেন। সব মিলিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে গোয়ালন্দে এই কার্ড বিতরণ সম্পন্ন হয়।