বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে বর্তমান সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ ক্রয়, ফসল বিক্রি এবং সহজ শর্তে কৃষিঋণ ও বিমার সুবিধা পাবেন।
মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মিল্লাত তাঁর বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের মানুষ আর আগের অভাবী অবস্থানে থাকবে না; তারা সুখে-শান্তিতে ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ড বিতরণের কাজ শুরু করেছেন। তিনি উল্লেখ করেন, অনেকেই প্রচার করেছিল যে এই সুবিধা পেতে টাকা লাগবে, কিন্তু আজ কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি উপকারভোগীদের কাছে সব সুবিধা পৌঁছে যাচ্ছে।
জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়াও জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াছমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন। আধুনিক এই ব্যবস্থার ফলে কৃষি সেবায় স্বচ্ছতা আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।