দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

সোমবার (১৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলার হামজা চৌধুরী দেশে মাটিতে পা রাখেন।

0
76
ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। দেশের মাটিতে পা রাখলেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ভক্তদের উচ্ছ্বাসে সিক্ত হলেন তিনি। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা’—এমন স্লোগানে মুখর ছিল বিমানবন্দর এলাকা।

দুপুর ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার দেশে পৌঁছানোর খবর দেওয়া হয়েছে। বাফুফে জানায়, পরিবারের সদস্যসহ হামজা সিলেটে এসে গেছেন।

সিলেট বিমাবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলে বাবার গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে এক রাত কাটাবেন তিনি। হামজাকে বরণ করতে বাহুবলের স্নানঘাট গ্রাম পুরো সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার পর্যন্ত তৈরি করা হয়েছে ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ, করা হয়েছে আলোকসজ্জা।

আগামী ২৫ মার্চ বাংলাদেশের সময় ৮টায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার। ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা, চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here