জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নেওয়ার অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা নেন সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান।

0
80
ছবি: সংগৃহীত

পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় যান সালমান কবীর নামের এক যুবক। এ সময় জিডি করার জন্য তাকে তিন প্যাকেট সিগারেটের দামের সমপরিমাণ (১,২০০) টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, “শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ‘ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়’। তিনি বলেন, ‘তাহলে পল্টন চলে যান, এখানে হবে না’।”

ভুক্তভোগী আরও বলেন, “জিডিটা করার জন্য আমি তাকে অনুরোধ করি। এ সময় তিনি বলেন, ‘দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান’। পরে থানার পাশের একটি দোকান থেকে ১,২০০ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।”

অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এএসআই মাহফুজুর রহমান এড়িয়ে যান। পরে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান সংবাদমাধ্যম আজকের পত্রিকাকে বলেন, “থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here