দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন

আজ (১৯ এপ্রিল) শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে।

0
81
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে এনডিটিভি। এছাড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দিল্লির কিছু অংশে গতকাল শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর এ ভবন ধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

উত্তর-পূর্ব জেলার এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ সন্দ্বীপ লাম্বা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছেন। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারেন। আহতদেরকে জিটিপি হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা লাম্বা।

এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here