নাটোরের লালপুর উপজেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী বাবা মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেসে থাকা শিমুল আলী (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রোগী শিমুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
আহতরা হলেন- লালপুরের নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা ফজলু, তার মেয়ে ফাতেমা ও সাইফুলের ছেলে শিপন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগী শিমুল আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে লালপুরের নুরুল্লাপুর এলাকার শিপন নামে এক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। পরে লালপুর ত্রিমোহনী মোড়ে পুনরায় আরেক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কায় দেয়। এতে ফজলু ও তার মেয়ে ফাতেমা গুরুতর আহত হয়। পরে অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। পরে রোগীসহ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোগী শিমুল আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

