তেজগাঁওয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ফটকের পাশে এ ঘটনা ঘটে।

0
79
ছবি: সংগৃহীত

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত আরমান হোসেন (২০) তেজগাঁওয়ের দারাজ কোম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গাজী শামীমুর রহমান বলেন, “প্রাথমিক তদন্ত জানা যায়, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় তিনজন দুর্বৃত্ত আরমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

কী নিয়ে পূর্ব শত্রুতা ছিল, জানতে চাইলে ওসি বলেন, “কিছুদিন আগে নাগরিক সচেতনতা থেকে দুর্বৃত্তদের মধ্যে একজনকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল নিহত আরমান। সে কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

নিহত খালাতো ভাই রাজু বলেন, “বেশকিছু দিন আগে আরমান ওই এলাকার এক ছিনতাইকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।”

নিহত আরমান মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের বাসিন্দা। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here