তরুণদের জলবায়ু আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের

0
68
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত “Manifesto Talk: Youth, Environment and Climate” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের জলবায়ুকেন্দ্রিক ১৬টি যুব সংগঠনের সমন্বয়ে গঠিত “ইয়ুথ ক্লাইমেট কোয়ালিশন”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের মতো সংকট মোকাবিলায় তরুণদের লোভ, ক্ষমতার মোহ ও দুর্নীতি থেকে দূরে থেকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।”

তিনি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের তিনটি বড় পদক্ষেপ—পুরনো বাস অপসারণ, ইলেকট্রিক যানবাহন চালু এবং নতুন ইটভাটা স্থাপন নিষিদ্ধ করার বিষয়টি তুলে ধরেন।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা উন্নয়ন চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয়। জলাশয় ভরাট, পাহাড় কাটা কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা করা যাবে না। প্রকৃতিকে সম্মান জানিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে।”

পলিথিন ব্যবহার বন্ধে নাগরিকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় সবাইকে অংশ নিতে হবে। বাজারে গেলে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। এটি গণতান্ত্রিক দায়িত্ব।”

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে তিনটি মডেল প্রকল্প গ্রহণের প্রস্তাব দেন এবং সিঙ্গল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আমিনবাজার ও মাতুয়াইলে ময়লার স্তূপ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক উল্লেখ করে তিনি দ্রুত সমাধানের আহ্বান জানান।

গাছ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, “রাস্তা সম্প্রসারণের নামে পুরনো গাছ কাটা চলবে না। গাছ রেখে উন্নয়ন করতে হবে। বন বিভাগ ও গণপূর্ত অধিদপ্তর জাদুঘরের নকশা পরিবর্তন করে গাছ রক্ষার চেষ্টা করছে, যা একটি আশার আলো।”

তিনি আরও জানান, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ করা হয়েছে এবং পরিবেশবান্ধব গাছ রোপণের ওপর জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ।

আলোচনায় ৩০০’র বেশি তরুণ জলবায়ুকর্মী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের দলের অবস্থান তুলে ধরেন এবং জানান, আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে পরিবেশ ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here