কলম্বাস ক্রু টের পেল লিওনেল মেসির ধার। ছন্দে থাকা এ তারকা নিজে জোড়া গোল করে রেকর্ডের পাশাপাশি সতীর্থদের দিয়ে করালেন আরও তিন গোল। মেজর লিগ সকারের ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি কল্যাণেই ইন্টার মায়ামির কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হলো কলম্বাস ক্রু।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে জোড়া গোল করে মেসি মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে ৩০ গোল করে তিনি ছাড়িয়ে গেলেন মায়ামির হয়ে গন্সালো হিগুয়াইনের রেকর্ড। ম্যাচজুড়ে দারুণ খেলে বানিয়ে দিলেন দলের বাকি তিন গোলও।
মেসি ঘরের মাঠে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই জাদুর ঝলক দেখান। নিজেদের অর্ধে মাঝমাঠের কাছাকাছি থেকে আচমকাই উঁচু করে দূরপাল্লার নিখুঁত পাস দেন তিনি তাদেও আইয়েন্দেকে। ক্রুর ডিফেন্ডারদের হতভম্ব করে বক্সের ভেতর বল না ধরেই ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান আর্জেন্টাইন উইঙ্গার।
দুই মিনিট পরেই মেসির গোল। যদিও সেটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার। বল ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি সময় নিয়ে গড়বড় করে বসেন ক্রুর গোলকিপার নিকোলাস হ্যাগেন। পরে তড়িঘড়ি করে পাস দিয়ে বসেন তিনি বক্মের মুখে থাকা মেসিকে। সুযোগ বুঝে বুক দিয়ে বল নামিয়ে উঁচু করে গোলের দিকে ভাসিয়ে দেন মেসি। গোলকিপার হ্যাগেন লাফিয়ে বল হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি। তার হাত থেকে এক ড্রপে বল চলে যায় জালে।
২৪তম মিনিটে ফের মেসির গোল। নিজেদের অর্ধ থেকেই উঁচু করে দারুণ এক বল বাড়ান সের্হিও বুসকেতস। ক্রুর অফসাইড ফাঁদ পেরিয়ে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান মেসি। আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে আলতো চিপ করে মায়ামি অধিনায়ক করেন নিজের দ্বিতীয় গোল। ২৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। এই মৌসুমে মেসির দশম গোল এটি।
বিরতির পর ৫৮তম মিনিটে একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরানোর আভাস দেয় ক্রু। তবে ম্যাচকে তো নিজের করে নিতে চেয়েছেন মেসি! ৬৪তম মিনিটে দারুণভাবে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে যান তিনি। পাস দেন তেলাস্কো সেগোভিয়াকে। ভেনেজুয়েরার তারকা নিজে গোলে শট নিতে পারতেন, কিন্তু আলতো টোকায় বাড়িয়ে দেন ফাঁকায় থাকা সুয়ারেসকে। অভিজ্ঞ ফরোয়ার্ড ভুল করেননি সুযোগ কাজে লাগাতে। নান্দনিক এক দলীয় গোল।
৮৯ মিনিটে নিজেদের অর্ধ থেকে আবার দারুণ এক পাস দেন মেসি। প্রতিপক্ষের অনেক ফুটবলারদের মাঝ দিয়ে বেরিয়ে বল খুঁজে নেয় পিকুঁকে। অভিজ্ঞ উইঙ্গার দ্রুতগতিতে বল নিয়ে ছুটে বক্সের বাইরে থেকেই আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল পাঠান জালে।
টানা দুই জয়ে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের তিনে উঠে এলো মায়ামি। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের, ১৭ ম্যাচ ৩০ পয়েন্ট সিনসিনাটি এফসির।

