ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, রেলস্টেশন বন্ধ

0
84

ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ইসরায়েলের উদ্ধারকারী দল।

দ্য টাইস অব ইসরায়েল সূত্রে জানা গেছে, এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। এই স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা-ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ।

এক বিবৃতিতে বিরসেবা পৌরকর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে।

ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের কাছাকাছি একটি স্থানে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে।

হুমকি প্রতিরোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় আইডিএফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here