ছাতু খেয়ে শিশুর মৃত্যু, একই পরিবারের আরও দুইজন হাসপাতালে

0
87

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামে ছাতু খেয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আরও দুইজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২২ জুন) সকালে এ ঘটনা ঘটে।

মৃত শিশু তানহা মনি আব্দুস সালাম ও সালমা খাতুনের মেয়ে। গুরুতর অসুস্থ নুরজাহান বেগম ওই গ্রামেরই মৃত নূর শেখের মেয়ে এবং তানহার ফুফু। অপরদিকে মিথিলা খাতুন নূরজাহানের বোনের মেয়ে, সিরাজগঞ্জ সদর উপজেলার পাকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নানাবাড়ি বৈলগাছী গ্রামে থেকে পড়ালেখা করছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরজাহান বেগম (৪০), তার ভাগনি মিথিলা খাতুন (১২) এবং ভাইয়ের কন্যা শিশু তানহা মনি (২) সকালের নাশতায় ছাতু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি, মাথা ঘোরা ও অচেতনতার উপসর্গ দেখা দিলে স্থানীয়রা দ্রুত তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথেই তানহা মনি মারা যায়।

অবস্থার অবনতি হওয়ায় নুরজাহান ও মিথিলাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ছাতুর মধ্যে বিষক্রিয়াজনিত কোনো পদার্থ মিশে গিয়েছিল। জানা গেছে, ছাতুগুলো কোরবানির ঈদের তিন দিন আগে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির সামনে ভ্যানে করে বিক্রি করছিল তার কাছ থেকে কেনা হয়।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া বলেন, বিষাক্ত ছাতু খেয়ে একজন শিশু মারা গেছে এবং তার ফুফু ও চাচাতো বোন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here